মনোহরগঞ্জে শিক্ষার্থীদের হাতে ২০০ গাছের চারা তুলে দিলেন বিএনপি নেতা
একটি চারা, একটি আশার স্বপ্ন—সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে ২০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। “সবুজ হোক পরিবেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ”—এ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর সাজেদুল হক উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এবং কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের নির্দেশনায় এ আয়োজন করা হয়। কর্মসূচির উদ্যোগ নেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে গাছ লাগানো ও পরিচর্যার প্রতি তাদের আগ্রহী করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। আজকের এই চারাগাছ বড় হয়ে আগামী দিনে ছায়া, ফল ও নির্মল বাতাস দেবে—এমন প্রত্যাশা তাঁদের।
এ সময় বাইশগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক বাবলু ও আমিনুল ইসলাম, স্থানীয় নেতারা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: