কুমিল্লার বরুড়ার ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’
সরকারি দপ্তরের দরজায় সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমী আমন্ত্রণ—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন।’ কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি তার কার্যালয়ের দরজায় এমন বার্তা টাঙিয়েছেন। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ঘোচাতেই তার এ উদ্যোগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউএনওর কার্যালয়ের দরজায় এ বার্তা দেখা যায়। কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ অর্থাৎ, ইউএনওর কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নেওয়া বা জুতা খুলে রাখার প্রয়োজন নেই।
উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসা এবং সেবাপ্রত্যাশীরা যেন সহজেই ইউএনওর কাছে তাদের সমস্যার কথা জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট্ট এই বার্তার মাধ্যমে সরকারি দপ্তরকে মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার প্রত্যয় ফুটে উঠেছে।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ দালালের দ্বারস্থ হয়ে ভোগান্তিতে পড়েন। বরুড়ার ইউএনওর কার্যালয়ের এই বার্তা মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলে তিনি মনে করেন।
শওকত আলী বলেন, “এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রাখতে এমন নির্দেশনা প্রশংসার দাবিদার। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। আল্লাহ তাঁকে জনসেবায় আরও অবদান রাখার তৌফিক দিন।”
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সরকারি দপ্তরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এমন জনবান্ধব পদক্ষেপ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও মানবিক করে তুলতে পারে।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, “সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন—এটাই আমার প্রত্যাশা।”
বিভি/পিএইচ













মন্তব্য করুন: