নরসিংদীতে আবারও দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর টিটির চরে আবারও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত দুই মাসে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে অন্তত চার থেকে পাঁচবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মমিন মিয়া জানান, রাতে লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। প্রায় দুই মাস ধরে তাদের বাড়িঘর থেকে বের করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের পক্ষের লোকজন বাড়িতে ফিরতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এতে তাদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আহতদের মধ্যে তাইজুদ্দিন, আহসান উল্লাহ, নূর ইসলাম, আরজিনা ও রমজানসহ আরও অনেকে রয়েছেন। মমিন মিয়ার দাবি, ককটেল বিস্ফোরণে রমজানের দুটি দাঁত পড়ে গেছে। তিনি প্রশাসনের কাছে তাদের বাড়িঘরে নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান।
অন্যদিকে, চান মিয়া গ্রুপের সদস্য চান মিয়া অভিযোগ করেন, রাতে প্রতিপক্ষ টেঁটা ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। সংঘর্ষের পেছনে শহীদ মেম্বারের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন চান মিয়া। তবে এলাকায় শান্তি চান উল্লেখ করে তিনি বলেন, তারা আর সংঘর্ষ চান না।
এদিকে, শহীদ মেম্বার এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, ভোররাতে চান মিয়ার লোকজন তাদের ওপর আগে হামলা চালায়। তারা ঘুমন্ত অবস্থায় থাকাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ তাদের পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভোরে সংঘর্ষের খবর পেয়ে তারা বিষয়টি জানতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো সম্ভব হয়নি। পরে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজন হলে আরও পুলিশ পাঠানো হবে বলেও জানান তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: