• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এক দিনের জব ফেয়ারে ৯১ হাজার আবেদন, চাকরি পাবেন ৩ হাজার জন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৪৭, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এক দিনের জব ফেয়ারে ৯১ হাজার আবেদন, চাকরি পাবেন ৩ হাজার জন

দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো আয়োজিত এক দিনের চাকরির মেলায় ৯১ হাজার চাকরিপ্রার্থী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। এর মধ্যে প্রায় ৩ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব কমানো এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে ওয়ালটন, স্কয়ার ও প্রাণ-আরএফএল গ্রুপসহ প্রায় ৯০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর স্টলে চাকরিপ্রার্থীরা সিভি জমা দেন এবং নিয়োগের যোগ্যতা ও শর্ত সম্পর্কে খোঁজ নেন।

মেলায় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারও নেওয়া হয়। সরাসরি নিয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনা করেই নিয়োগের জন্য বাছাই করা হচ্ছে।

সকাল ১১টার দিকে মেলাটি পরিদর্শন করেন সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং প্রতিবছর এ ধরনের মেলার আয়োজনের আশ্বাস দেন।

আয়োজকদের হিসাব অনুযায়ী, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার ৯১ হাজার চাকরিপ্রার্থী সিভি জমা দেন। এসব আবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রায় ৩ হাজার জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: