তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার, যা জানালেন বাবা
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় ছেলের নিখোঁজ হওয়া ও ঘটনার দিনের নানা তথ্য জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য শপিং করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
তাহসিফের বাবা আরও জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময়ে আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।
তিনি বলেন, ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে বের হয়ে আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের দেওয়া তথ্যে ছেলের মরদেহের সন্ধান পান তারা।
তাহসিফের বাবা আরও জানান, রাজাবাড়ী ঘাট এলাকায় তার ছেলে এর আগে কখনো যাননি।
এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, তাহসিফের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: