আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, আটকা শত শত যানবাহন
নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
তারা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে সোমবারও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও লামাপাড়া এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা।
এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: