বালুর ভেতরে লুঙ্গিতে মোড়ানো ছিলো নবজাতক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করা হয়। রাজশাহীর বোয়ালিয়া এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে শিশুটিকে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে। এরপর নবজাতকের নিরাপত্তা, পরিচর্যা ও আশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শিশুটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ছোটমনি নিবাসে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যা পাবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: