মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধা, মানিকগঞ্জে বিক্ষোভ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জের মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে তারা হুঁশিয়ারি দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় প্রয়োজনে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা হবে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
সমাবেশে শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জালাল উদ্দীন আহমেদ বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। প্রকৃত বয়সেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমাদের কথা এখন থেকে সোজা হয়ে যাও, নইলে সোজা হওয়ার ভাষা ও শক্তি এখনো আমাদের আছে। জামায়াতের রাজাকার ও আলবদরদের হুঁশিয়ার করে বলতে চাই, সাবধান!”
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার বলেন, “আজকে প্রতিবাদ হচ্ছে, এরপর আর প্রতিবাদ হবে না, এরপর হবে প্রতিরোধ। আপনারা পালানোর জায়গা পাবেন না। আজকে মানিক পশারীর জানাজায় আপনারা কেন বাধা দেন? তার দাফনে বাধা দেন কেন? আপনারা মুসলমান দাবি করতে পারেন? কখনোই না।”
তিনি আরও বলেন, “কথায় কথায় বলেন, তারেক রহমানের সরকারকে ফেলে দেবেন, কাজ করতে দেবেন না। কেন উৎপাত করবেন? তারেক রহমান সাহেব এই দেশের ৫০ ভাগ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় গেছেন। আমরা দয়া করে আপনাদের কিছু বলিনি।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব শহিদুল হক, জেলা কমিটির সাংগঠনিক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন নুরু, ঢাকা মহানগর কমিটির এরিয়া কমান্ডার নুরুল বাশার এবং চট্টগ্রামের যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সৈয়দ আবুল বাশার।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: