• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ, তা জানতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৭ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ, তা জানতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেন গুরুত্বপূর্ণ এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা কেন দিবসটি পালন করেন, তা প্রত্যেকের জানা প্রয়োজন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্কে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর ধরে এই জাতীয় দিবসের কথা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে তারা কোনোভাবেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের হৃদয়ে ধারণ করে রেখেছেন। এ কারণেই তাকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। যত চেষ্টাই করা হোক, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও থাকবে।

এর আগে, শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে পার্কের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক আদম সুফী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মহিলা সংসদ সদস্য রিনা পারভীনসহ জেলার পাঁচ উপজেলা থেকে আসা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত