• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যে কারণে টানা সাড়ে পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই ৩৫টি গ্রামে

‎ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে টানা সাড়ে পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই ৩৫টি গ্রামে

বিদ্যুতের খাম্বা ও সংযোগ থাকলেও ৫ মাসের বেশি সময় ধরে নেই সরবরাহ। ছবি: বাংলাভিশন

‎ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামে টানা সাড়ে ৫ মাস ধরে বিদ্যুৎ সংযোগ নেই। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পাশাপাশি ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পেরে সেগুলো নষ্ট হ‌ওয়ার উপক্রম হয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল লাইন টেনে সদরপুর উপজেলার ওই দুর্গম চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছিল।

তবে গত আট মাস আগে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হ‌ওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত তা সংস্কার করা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই ইউনিয়নের ৩৫ গ্রামের প্রায় দেড় হাজার পরিবার। 
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর ‍উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়ন যেন পদ্মা নদীর মাঝে বিচ্ছিন্ন ভূখণ্ড। স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথমবার সেখানে বিদ্যুৎ পৌঁছায়। অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনে যুক্ত হয় টিভি, ফ্রিজ, ফ্যান, মোটরসহ আধুনিক সরঞ্জাম। 

তবে চরের মানুষ এই বিদ্যুৎ পাওয়ার পর এক বছরের মধ্যেই পদ্মা নদীর তলদেশ দিয়ে সঞ্চালন করা সাবমেরিন ক্যাবল কাটা পড়ে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়।

এ পর্যন্ত তিনবার ওই সাবমেরিন ক্যাবল জোড়া লাগিয়ে আবার চালু করা হয়েছে। তবে সর্বশেষ কাটা পড়ার পর প্রায় ৫ মাস আটদিন (আজ পর্যন্ত) একনাগাড়ে বিদ্যুৎ না থাকায় আবারও অন্ধকারে সেখানকার মানুষ।

দীর্ঘ সময়েও সংযোগ পুনরায় চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

‎বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে না পারায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
‎
তারা বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকায় আমরা খুব কষ্টে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত সমস্যার সমাধান করে আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হোক।
‎
দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত চারবার এই সাবমেরিন ক্যাবল কাটা পড়েছে। এর আগে তিনবার এই ক্যাবল মেরামত করা হয়েছে। এবার এখনো মেরামত করা হয়নি। আমাদের বলা হয়েছে টেন্ডার শেষ হয়েছে। আগামী মাসের মধ্যে হয়তো সংযোগ চালু হতে পারে।‎
‎
‎এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দোহার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খাঁন বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য স্থাপিত সাবমেরিন ক্যাবলটি অনেক পুরোনো। পদ্মা নদীর তীব্র স্রোতে এতে বারবার ত্রুটি দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে আপাতত নতুন করে ক্যাবল স্থাপন করা সম্ভব হচ্ছে না।
‎
তিনি জানান, নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিভি/এইচএ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত