চলন্ত বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যা, নেপথ্যে কী?
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে পেছনের চাকায় পিষ্ট করে দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন মুকুল মিয়া (৩৩) ও শাকিব হোসেন (২৬)। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের স্বজনদের অভিযোগ, সঙ্গে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরেই পরিকল্পিতভাবে তাদের বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুকুল মিয়া নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার কালু মিয়ার ছেলে। একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব হোসেন। সম্পর্কে তারা প্রতিবেশী চাচা-ভাতিজা।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাসের হেলপার ও দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়।
নিহতদের বাবা কালু মিয়া ও লোকমান বসুনিয়াসহ স্বজনদের অভিযোগ, মুকুল ও শাকিবের কাছে থাকা মোটা অঙ্কের টাকা নেয়ার উদ্দেশ্যেই বাসের লোকজনের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে এবং চালক জয়নাল ও হেলপার সফিককে আটক করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাস ও অভিযুক্ত চালক-হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুই স্বজনকে হারিয়ে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিভি/জেএ/এজেড













মন্তব্য করুন: