সান্তোসে ফিরছেন নেইমার
ফাইল ছবি
কোথায় যাচ্ছেন নেইমার, গোটা দুনিয়া তা জানে। তবু আনুষ্ঠানিকভাবে জানানোর একটা বিষয় থেকেই যায়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সেটাই করেছেন ৩২ বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন।
নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জনটা চলছিলো চলতি মাসের শুরু থেকে। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করা ও সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরার তাকে নিয়ে মন্তব্যেই বোঝা গিয়েছিলো, ঘরেই ফিরছেন নেইমার। বার্তা সংস্থা এএফপি ও ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো' জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় গুয়ারুলহোন বিমানবন্দরে অবতরণ করবেন নেইমার। হেলিকপ্টারে করে সেখান থেকে সরাসরি চলে যাবেন সান্তোসে। পরিবারের লোকজন এবং সান্তোসের বোর্ডের সামনে সই করবেন চুক্তিপত্রে।
স্থানীয় সময় বিকেলে নেইমারকে সমর্থকদের সামনে হাজির করা হবে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর ক্লাবটির মূল দলে খেলে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন। সেখান থেকে পিএসজি ঘুরে ২০২৩ সালে আল হিলালে খেলেন। সৌদি ক্লাবটিতে বছরে ১০ কোটি ইউরো আয় করা নেইমার চোটের কারণে ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। সান্তোসে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবেন, জানিয়েছে 'গ্লোবো'।
বিভি/এসজি



মন্তব্য করুন: