• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

লেভান্ডভস্কির স্টোরিতে বাজছে ‘টাইম টু সে গুডবাই’ গান

প্রকাশিত: ১৭:০০, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
লেভান্ডভস্কির স্টোরিতে বাজছে ‘টাইম টু সে গুডবাই’ গান

পোল্যান্ডের বিশ্বকাপে ফেরার স্বপ্নভঙ্গে মন ভেঙে গেছে রবের্ত লেভান্দোভস্কির। সুইডেনের কাছে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনাল হারের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন পোলিশ অধিনায়ক। 

স্টকহোমে মঙ্গলবার রাতে সুইডেনের বিপক্ষে প্রথম দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় পোল্যান্ড। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে পোলিশদের সব আশা গুঁড়িয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ।

৩-২ গোলে প্লে-অফের ফাইনাল জিতে বিশ্বকাপের টিকেট কাটে সুইডেন। আর হতাশায় ভেঙে পড়েন লেভান্দোভস্কি এবং তার সতীর্থরা। শেষ বাঁশি বাজার পরপরই হতাশায় নুইয়ে পড়েন পোলিশ অধিনায়ক। তার চোখে-মুখে ফুটে ওঠে বেদনার ছাপ। 

বয়স হয়েছে বেশ। তাই যেনো ‘যাত্রার শেষটাও’ দেখে ফেললেন ৩৭ বছরের স্ট্রাইকার। প্লে-অফ হারের কয়েক ঘন্টা পর পোল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা সামাজিক মাধ্যমে তার মাঠ ছাড়ার একটি ছবি পোস্ট করে সঙ্গে সারাহ ব্রাইটম্যান ও আন্দ্রেয়া বুচেল্লির গান ‘টাইম টু সে গুডবাই’ জুড়ে দেন। 

ম্যাচের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবশ্য ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি জাতীয় দলের হয়ে ১৬৫ ম্যাচে ৮৯ গোল করা বার্সেলোনা স্ট্রাইকার।  

বিভি/এজেড

মন্তব্য করুন: