• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির নতুন টুর্নামেন্টে ডাক না পেয়ে হতাশ, যা বললেন সাব্বির

প্রকাশিত: ২৩:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিসিবির নতুন টুর্নামেন্টে ডাক না পেয়ে হতাশ, যা বললেন সাব্বির

বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমান বরাবরই এক আলোচিত নাম। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সম্ভাবনা নিয়ে পথচলা শুরু করেছিলেন তিনি। তবে শৃঙ্খলা, ফর্ম আর ধারাবাহিকতার অভাবে সেই যাত্রা বারবার থমকে গেছে। তবুও নিজেকে পুরোপুরি শেষ ভাবতে রাজি নন এই ডানহাতি ব্যাটার।

বিশ্বকাপের বিরতিতে আয়োজিত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দলের স্কোয়াড সম্প্রতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই ইঙ্গিত ছিল এমন একটি টুর্নামেন্টের, আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে এবার দল, কোচিং স্টাফ ও ম্যাচ সূচিও প্রকাশ পেয়েছে। তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সাব্বির রহমানের।

তিন দলের একটি প্রায় বিশ্বকাপ স্কোয়াডের আদলে, একটি দল পুরোপুরি তারুণ্যনির্ভর এবং অন্যটি অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া হলেও কোনো দলেই বিবেচনায় আসেননি সাব্বির। অথচ সদ্য শেষ হওয়া বিপিএলে পারফরম্যান্স একেবারে হতাশাজনক ছিল না তার।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে ৯ ইনিংসে ব্যাট করে ৩ বার নট আউট থেকে ১৩৪ রান করেন সাব্বির। গড় ছিল ২২.৩৩, স্ট্রাইক রেট ১৩৫.৩৫—ফিনিশারের ভূমিকায় যা মোটেও খারাপ নয়।

দলে না থাকা প্রসঙ্গে টি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় হতাশা গোপন করেননি সাব্বির। তিনি বলেন,‘বিশ্বকাপের জন্য নির্বাচন করতে গিয়ে সবাইকে হয়তো দেখা সম্ভব না। ভালো খেললে হয়তো সুযোগ পেতাম। কিন্তু ৪৫ জনের একটা টুর্নামেন্টে একজন টি-টোয়েন্টি খেলোয়াড়কে না রাখা—এটা খুবই লজ্জাজনক।’

নিজের অবস্থান পরিষ্কার করে সাব্বির আরও যোগ করেন,‘আমি কারও দরজায় গিয়ে বলব না আমাকে খেলান—এটা আমার চরিত্র না। তবে আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা আমার আছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে তো আমি আশা করতেই পারি, খেলার মান আমার আছে। যেখানে অনেকেরই সেই যোগ্যতা নেই।’

আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের সব ম্যাচ।

বিভি/টিটি

মন্তব্য করুন: