বিতর্কিত টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা পাকিস্তানের
মাঠে গড়িয়েছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। তিন উইকেটে জয় পায় তারা। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে জিতেছে ওয়েস্টইন্ডিজ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান তোলে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩৭, বাস ডে লিড ৩০ রান করেন। সালমান মির্জার শিকার তিন উইকেট। মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব নেন দু'টি করে উইকেট।
জবাবে শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ওপেনিংয়ে ভাল শুরু করেও তা ধরে রাখতে পারেনি পাকিস্তান। ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় পড়ে তারা। তবে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন ফাহিম আশরাফ। ডাচ ফিল্ডারদের ক্যাচ ড্রপের সুযোগে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে এই জুটি। কষ্টার্জিত জয় পায় পাকিস্তান।
শাহিবজাদা ৪৭ করেন। ২৯ এ অপরাজিত থাকেন ফাহিম। অন্য ম্যাচে, কলকাতায় টস জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ে পাঠায় স্কটিশরা। সুযোগটা দারুণভাবে কাজে লাগান ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ১৮২ রানের বড় স্কোর গড়েন তারা। সিমরন হেটমায়ার খেলেন ৬৪ রানের ইনিংস। ১৮৩ রানে টার্গেটে উইন্ডিজদের শিকারি বোলিংয়ে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড। ৩৫ রানে জয় পায় শাই হোপের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দশম আসর। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারত নিয়ন্ত্রিত আইসিসির বির্তকিত কর্মকান্ডে বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হয় বাংলাদেশ। টাইগারদের স্থানে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেয় আইসিসি।
বিভি/এমআর



মন্তব্য করুন: