• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি

দুরন্তকে উড়িয়ে ফাইনালে দুর্বার

প্রকাশিত: ২৩:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুরন্তকে উড়িয়ে ফাইনালে দুর্বার

হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপফেরত ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি আগেই হেরেছিল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর কাছে। এবার ‘এ’ দলের ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দুর্বার একাদশের বিপক্ষেও দাঁড়াতে পারলো না তারা।

মিরপুরে শনিবার (৭ ফেব্রুয়ারি) আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টির ফাইনালে উঠে গেল দুর্বার।

ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না দুরন্তের সামনে। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় দলটি। ইনিংসের শুরুতেই ধস—দুই ওভার শেষ না হতেই স্কোরবোর্ডে মাত্র ৮ রান, পড়ে যায় ৩ উইকেট।

পরের ব্যাটসম্যানরা চেষ্টা করলেও ইনিংস গড়ে তুলতে পারেননি কেউই। তিন নম্বরে নামা জাওয়াদ আবরার এক বলেই ছক্কা হাঁকিয়ে পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন।

মাঝের দিকে আরিফুল ইসলাম (৩২ বলে ৪১) ও মেহরব হোসেনের (২৩ বলে ৩৬) ব্যাটে কিছুটা লড়াইয়ের রূপ পায় ইনিংস। তবে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে অলআউট হয়ে দুরন্তের সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান। দুর্বারের পক্ষে দুর্দান্ত বোলিংয়ে খালেদ আহমেদ নেন ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট।

১৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী দুর্বার। ওপেনার হাবিবুর রহমান মাত্র ১৭ বলে ৩৯ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন—৫ ছক্কা ও ১ চারে মাত্র ৪ ওভারেই দলের স্কোর দাঁড়ায় ৫২।

তার বিদায়ের পর ইনিংস সামলান মাহমুদুল হাসান। ধৈর্যশীল ৫১ বলে ৫৮ রানের ইনিংসে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ দিকে নুরুল হাসানের ২৪ বলে অপরাজিত ২৮ রানে ১৫ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দুর্বার।

এখন শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু ও নাজমুল হোসেনের দুর্বার। সোমবারের ফাইনালে অপেক্ষা করছে জমজমাট ক্রিকেট যুদ্ধ।

সংক্ষিপ্ত স্কোর:
দুরন্ত একাদশ: ১৯.৫ ওভারে ১৪৫ (আরিফুল ৪১, মেহরব ৩৬, গাফফার ১৮; খালেদ ৪/২৩, হাসান ২/২৭)। দুর্বার একাদশ: ১৭.৩ ওভারে ১৪৯/৩ (মাহমুদুল ৫৮, হাবিবুর ৩৯, নুরুল ২৮*; গাফফার ৩/২৩)। ফল: দুর্বার ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ।

বিভি/এমআর

মন্তব্য করুন: