• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

এক ম্যাচে দুইবার সুপার ওভার, অবশেষে আফগানদের হারিয়েছে প্রোটিয়ারা

প্রকাশিত: ১৭:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক ম্যাচে দুইবার সুপার ওভার, অবশেষে আফগানদের হারিয়েছে প্রোটিয়ারা

প্রথম সুপার ওভার ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। সেখানেও ছিল টানটান উত্তেজনা। শেষ বলে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ছক্কা। কিন্তু বল বাউন্ডারির বাইরে পাঠাতে না পারায় থেমে যায় তাদের লড়াই। তাতেই রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচ দুইটি সুপার ওভারে গড়াল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৪ সালে ভারত-আফগানিস্তান ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই ২১২ রান করে। প্রথম সুপার ওভারেও উভয় দল ১৬ রান করে সমতায় থাকে। পরে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান ১১ রান তুললে ভারত সহজেই লক্ষ্য পেরিয়ে যায়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুই দল সমতায় শেষ করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে আফগানিস্তান কোনো উইকেট না হারিয়ে তোলে ১৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকাও ১ উইকেট হারিয়ে সমান ১৭ রান করে। ফলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ঝড়ো ব্যাটিংয়ে তারা কোনো উইকেট না হারিয়ে তোলে ২৩ রান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান লড়াই চালিয়ে গেলেও চাপের মুখে গুরুত্বপূর্ণ উইকেট হারায়। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। কিন্তু বড় শট খেলতে গিয়ে সফল হতে পারেননি ব্যাটার। তাতেই নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার জয়।

এর আগে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে তোলে ১৮৭ রান। ওপেনিং জুটিতে দারুণ সূচনা এনে দেন রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক। মাত্র ৫২ বলে দুজন মিলে যোগ করেন ১০০ রান। রিকেলটন ২৩ বলে ৫১ রান করেন, আর ডি কক খেলেন ৩৪ বলে ৫৩ রানের ইনিংস। ১১ ওভারের মধ্যেই দলীয় শতক পার করে প্রোটিয়ারা। তবে মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে আফগানিস্তান।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ পাওয়ারপ্লেতেই ম্যাচের গতি বদলে দেন। ২৬ বলে ৫৩ রান করে দলকে দ্রুত এগিয়ে নেন তিনি। চার ওভারের মধ্যেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে আফগানিস্তান।

মাঝে উইকেট হারালেও রান তোলার গতি ধরে রাখে তারা। ১৭তম ওভারে পৌঁছে যায় ১৫০ রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ম্যাচ সমতায় শেষ হয়। এরপর শুরু হয় সুপার ওভারের রুদ্ধশ্বাস নাটক, যার শেষটা হাসিমুখেই উদ্‌যাপন করে দক্ষিণ আফ্রিকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: