পিএসএল নিলামে দল পেলেন না সাকিব-নাহিদ, চড়া দামে বিক্রিত রিশাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পাননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। তবে চড়া দামে দল পেয়েছেন তরুণ স্পিনার রিশাদ হোসেন।
সবশেষ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারের আসরে তাকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। একইভাবে দল পাননি ফাস্ট বোলার নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। গত মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন এই পেসার।
তবে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ১ কোটি ১০ লাখ রুপির ভিত্তিমূল্য থাকলেও শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। করাচির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রিশাদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে লাহোরের হয়ে খেলেছিলেন তিনি।
এবারের পিএসএল নিলামে মোট ৮৭৯ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং।
আটটি ফ্র্যাঞ্চাইজি এই পাঁচ ক্যাটাগরি থেকে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করবে। একটি দলের সর্বোচ্চ বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার।
স্কোয়াড গঠনের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে ন্যূনতম ১৬ ও সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় রাখা যাবে। ১৬ সদস্যের দলে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে। ১৭ থেকে ১৮ সদস্যের দলে সর্বোচ্চ ৬ জন বিদেশি এবং ১৯ থেকে ২০ সদস্যের দলেও সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে।
পিএসএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত সাকিব ও নাহিদের অবিক্রিত থাকা ভক্তদের জন্য হতাশার খবর হয়ে এলো।
বিভি/টিটি



মন্তব্য করুন: