• NEWS PORTAL

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

এবার আইসিসির কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

প্রকাশিত: ২১:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার আইসিসির কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

আইসিসির কাছ থেকে সহযোগী দেশগুলোর পর্যাপ্ত সুবিধা না পাওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি এই ইস্যুতে আওয়াজ তুললেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার শায়ন জাহাঙ্গীর। তার দাবি, ভালো খেললেও আইসিসির কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা পাচ্ছে না সহযোগী দেশগুলো।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে জিম্বাবুয়ে। জিততে না পারলেও দলগত পারফরম্যান্সে চমকে দিয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নেপালের মতো দলগুলো। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন খুব একটা স্বস্তিতে নেই বড় দলগুলো। 

তাই এসব দল এখন আর ‘সহযোগী’ পরিচয়ে সীমাবদ্ধ নেই বলেই মনে করেন ৩১ বছর বয়সী শায়ন। পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান এই উইকেটকিপার ব্যাটার বলেন, আইসিসি থেকে আমরা যে সুযোগ ও অর্থায়ন পাই, তা একেবারেই অপর্যাপ্ত। 

সংবাদ সম্মেলনে শায়ন বলেন, ‘আমাদের সহযোগী দেশের তকমা দেয়া হয়েছে, কিন্তু আমরা কোনো অংশেই দুর্বল দল নই। এই বিশ্বকাপে আপনারা দেখেছেন—যেসব দলকে সহযোগী দেশ বলা হয়, তারা সবাই দারুণ খেলেছে এবং বড় দলগুলোকে ভীষণ চাপে ফেলেছে।’

আইসিসির এমন দ্বিচারিতা ক্রিকেটকে বৈশ্বিক খেলায় রূপ দেয়ার পথে বড় বাধা বলেও মনে করেন শায়ান, ‘আমাদের ঠিকভাবে যত্ন নেওয়া হয়নি, আমাদের সেভাবে গড়ে তোলা হয়নি। তবু আমাদের খেলোয়াড়রাই কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছে। 

তিনি আরও বলেন, 'পর্যাপ্ত অর্থ ও অবকাঠামো ছাড়া আমরা যা করছি তা সত্যিই বড় ব্যাপার। যদি আইসিসি আমাদের এবং সব সহযোগী দেশগুলোর দিকে আরও মনোযোগ দেয়, তাহলে আরও বড় ম্যাচ দেখা যাবে এবং এই দলগুলো আর ‘সহযোগী দেশ’ নয়। বরং বড় দলের মর্যাদায় পৌঁছে যাবে।’

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সে ম্যাচে সূর্যকুমার যাদবের দলকে বেশ চাপে ফেলে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে ঠিকে থাকতে না পেরে ২৯ রানে হেরে যায় মার্কিনীরা। সে ম্যাচের স্মৃতিচারণ করতেও ভুলে যাননি শায়ান। 

তিনি বলেন, ‘আমরা প্রায় ভারতকে হারিয়েই ফেলেছিলাম—ওদের স্কোর ছিল ৬ উইকেটে ৭৫ রান। আবারও সূর্য (কুমার যাদব) যেভাবে খেলেছে, সেটাই পার্থক্য গড়ে দেয়। আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারতাম, তাহলে বিশ্বকাপের শক্তিশালী দল ভারতকেও হারাতে পারতাম।’

সব কিছু বিবেচনা করে আইসিসিকে বর্তমান অবস্থান থেকে বের হয়ে আসার পরামর্শ দিলেন শায়ান। তিনি বলেন, ‘প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, আর এর সঙ্গে অর্থায়নের বিষয়টাও গভীরভাবে জড়িত। আমাদের কাছে এত টাকা নেই যে বড় প্রতিযোগিতার আয়োজন করব বা বড় মাঠে নিয়মিত ম্যাচ খেলতে পারব। যদি আইসিসি থেকে সেই অর্থায়ন পাওয়া যেত—এটা আমার ব্যক্তিগত অনুরোধ—তাহলে সত্যি বলছি, অ্যাসোসিয়েট ক্রিকেটে অসাধারণ প্রতিভার কোনো অভাব নেই।’

বিভি/টিটি

মন্তব্য করুন: