• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

শেষ ওভারে রুদ্ধশ্বাস নাটক, জয়েও বিদায় নিল পাকিস্তান

প্রকাশিত: ০০:৩৩, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শেষ ওভারে রুদ্ধশ্বাস নাটক, জয়েও বিদায় নিল পাকিস্তান

বিশ্বকাপে বিদায় প্রায় নিশ্চিত—তবু লড়াইটা শেষ বল পর্যন্ত। শেষ ওভারে ২৮ রান দরকার, হাতে দাসুন শানাকার ব্যাট। টানা ছক্কায় ম্যাচ জমিয়ে তুলেও শেষ দুই বলে ৬ রান তুলতে না পারায় শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেল পাকিস্তান।

৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড-এর সমতায় উঠলেও নেট রানরেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল পাকিস্তান। ২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কা মাত্র ৩ রান করে ফিরলে ৮ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার কামিল মিশরা ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি—১৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। ৩৩ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।

চাপের মুখে চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে ৪২ রানের জুটি গড়ে দলকে ফেরানোর চেষ্টা করেন। আসালঙ্কা ২৫ রান করে ফিরলে আবারও ধাক্কা। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগেও দ্রুত বিদায় নিলে ম্যাচ অনেকটাই পাকিস্তানের দিকে হেলে পড়ে।

তবে অভিজ্ঞ দাসুন শানাকাকে নিয়ে পবনের ৬১ রানের জুটি ম্যাচে ফেরায় শ্রীলঙ্কাকে। পবন ৫৮ রান করে ফিরলেও লড়াই চালিয়ে যান শানাকা।

শেষ ১৫ বলে দরকার ছিল ৫১ রান। শানাকা ঝড় তুললেন—বিশেষ করে শেষ ওভারে ২৮ রানের সমীকরণে শাহিন আফ্রিদি-কে এক চার ও টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরান।

কিন্তু শেষ দুই বল ডট! সেখানেই থামে শ্রীলঙ্কার স্বপ্ন। ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রানেই থামে তাদের ইনিংস। শানাকা ৩১ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন (২ চার, ৮ ছক্কা)।

এর আগে পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান ও ফখর জামান গড়েন ১৭৬ রানের দুর্দান্ত ওপেনিং জুটি। ফারহান করেন ১০০ রান, ফখর ৮৪।

তবে এই জুটি ভাঙার পর ৩৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১২ রান তোলে তারা।

সুপার এইটে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা। আর নাটকীয় জয়ে সান্ত্বনা পেলেও নেট রানরেটের ব্যবধানে বিদায় নিতে হলো পাকিস্তানকে। শেষ ওভারের দুই ডট বল—এই ম্যাচের, এমনকি পুরো অভিযানের গল্পটাই বদলে দিল।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত