• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রিয়াল মাদ্রিদের কী হলো, ওসাসুনার পর হারলো গেটাফের কাছেও

প্রকাশিত: ১৫:০১, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রিয়াল মাদ্রিদের কী হলো, ওসাসুনার পর হারলো গেটাফের কাছেও

পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকেই শুরুতে হারলো ওসাসুনার কাছে। এরপর গেতাফের কাছেও হারলো রিয়াল মাদ্রিদ। সোমবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের স্মরণীয় জয়টা ১-০ ব্যবধানে। 

পরপর দুই হারে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার কাছে চার পয়েন্ট পেছনে পড়লো মাদ্রিদ জায়ান্টরা। 

ওসাসুনার মাঠে ২-১ গোলে হেরে যাওয়া রিয়াল এদিনও চোটে পড়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে শুরু থেকেই ফিনিশিংয়ে ভুগতে থাকে। ১৩ মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিউস জুনিয়র। 

মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল ধরে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার শট পা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গেতাফের গোলরক্ষক। ২৪ মিনিটে আর্দা গিলের জোরাল শটও ফেরান দাভিদ সোরিয়া। ৩৯ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই স্বাগতিকদের স্তব্ধ করে দেন গেতাফের মার্তিন সাত্রিয়ানো।

বক্সের বাইরে সতীর্থের হেড পাস পেয়ে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান উরুগুয়ের ফরোয়ার্ড। ৫৫ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। 

কিন্তু কাজের কাজ কিছু করতে পারেননি অভিষিক্ত থিয়াগো, দাভিদ আলাবা ও ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। উল্টো যোগ করা সময়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো রেফারিকে কিছু একটা বলে লাল কার্ড দেখেন। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: