গত বছর স্থগিত হওয়া সেই সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে আসছে ভারত
গত বছর বাংলাদেশ সফরের সূচি ছিল ভারতীয় দলের। কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে সিরিজটি স্থগিত করেছিল হার্দিক পান্ডিয়ারা। সেই স্থগিত হওয়া সিরিজটি খেলেত অবশেষে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে এই সিরিজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আসন্ন এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজটি খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।
মূলত ভারতের বিপক্ষে এই সিরিজের নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাদের পূর্বনির্ধারিত সফরটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম। কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’
সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ দল। এই জয়ে ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে তারা। বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
বিভি/এজেড



মন্তব্য করুন: