পিএসএল-২০২৬
শেষ মুহূর্তে তানজিদ তামিমের সুসংবাদ এলো পাকিস্তান থেকে
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে সেঞ্চুরি হাঁকান তানজিদ তামিম।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএল টি-টোয়েন্টিতে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। টাইগার ওপেনারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি। আট দল নিয়ে বৃহস্পতিবার মাঠে গড়াবে পিএসএলের একাদশ আসর।
সামাজিক মাধ্যমে তানজিদের দল পাওয়াটা নিশ্চিত করে পেশোয়ার জালমি। বাংলাদেশের ওপেনারকে স্বাগত জানিয়ে জালমি লিখেছে, ‘ভয়ডরহীন বাঁহাতি ব্যাটসম্যান যে কোনও বোলিং আক্রমণের ওপর চড়াও হতে প্রস্তুত।’
এর আগে নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তানজিদকে অবশ্য কোনো দল কেনেনি। টুর্নামেন্ট শুরুর চার দিন আগে তাকে সরাসরি চুক্তিতে জায়গা করে নিতে হয়েছে জালমিতে। সেখানে সতীর্থ হিসেবে দুই স্বদেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে পাবেন ২৫ বছরের এই ব্যাটসম্যান।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার সুযোগ পাওয়া তানজিদ আসলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন। প্রথম ম্যাচে অপরাজিত ফিফটি ও শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলের সিরিজ জয়ে বড় অবদান রেখে যৌথভাবে সিরিজ সেরা হন এই ওপেনার।
১০৩ টি-টোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ২ হাজার ৭৮২ রান করেছেন তানজিদ। স্ট্রাইক রেট ১২৯ প্রায়। তানজিদকে নিয়ে পিসিএলে বাংলাদেশ থেকে দল পেলেন ছয় জন। অন্য তিন জন হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন।
বিভি/এজেড



মন্তব্য করুন: