ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ব্যাগ হাতে মাঠে ইরানের ফুটবলাররা
ইরান যুদ্ধের প্রথমদিনেই একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন-ইসরাইল। ওই ঘটনায় দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হন। ওই শিক্ষার্থীদের স্মরণে আবেগঘন এক দৃশ্যের জন্ম দিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল।
শুক্রবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার সময় খেলোয়াড়দের হাতে ছিল ছোট ছোট স্কুলব্যাগ। জাতীয় সংগীতের সময় তারা নিজেদের সামনে গোলাপি ও বেগুনি রঙের সেই ব্যাগগুলো ধরে রেখে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তার ওপর নিহতদের স্মরণে খেলোয়াড়দের হাতে দেখা যায় কালো আর্মব্যান্ডও।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। ধারণা করা হচ্ছে, হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই চালানো হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। তবে ঘটনাটি জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলের আনতালিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল ইরানের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। এই ম্যাচের আগেই এই হামলায় নিহতদের স্মরণে এই উদ্যোগ নেয় তারা। সেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছে নাইজেরিয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আগে এটি ছিল ইরানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ।
বিভি/এজেড



মন্তব্য করুন: