ইতালির ফুটবলে হতাশার ছাপ, সরে দাঁড়ালেন কিংবদন্তী বুফনও
বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয়বার ব্যর্থতার জেরে ইতালির ফুটবল ফেডারেশনে একযোগে পদত্যাগের হিড়িক পড়েছে। ফেডারেশন প্রেসিডেন্ট থেকে শুরু করে জাতীয় দলের শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর মিছিলে যোগ দিয়েছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে গত মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে এবারের আসরেও জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি ফুটবল দল। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। যা ইতালিয়ান ফুটবলের ইতিহাসে এক বড় ধ্বস হিসেবে দেখা হচ্ছে।
এই ব্যর্থতার ঠিক দুদিন পরেই পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। ২০১৮ সালে দায়িত্ব নেওয়া গ্রাভিনা আগের দুই বিশ্বকাপ বাছাইয়েও ব্যর্থতার মুখ দেখেছিলেন। ফলে তার ওপর রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের চাপ ক্রমেই বাড়ছিলো।
গ্রাভিনার পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল টিম ডেলিগেশন প্রধানের দায়িত্ব ছাড়েন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দেশের হয়ে সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলা এবং ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, ‘আমার পর যারা আসবেন, তাদের যেন নিজের মতো করে দল গঠনের স্বাধীনতা থাকে, সেটাই স্বাভাবিক।‘ বুফনের পদত্যাগে জাতীয় দলের কোচ জেনারো গাত্তুসোর ভবিষ্যৎও এখন অনিশ্চয়তায়।
বিভি/এজেড



মন্তব্য করুন: