পিএসএল চলাকালেই ডেভিড ওয়ার্নার গ্রেফতার
পাকিস্তান সুপার লিগ-পিএসএল চলাকালেই গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। গত রবিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনির মারুব্রা এলাকায় পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে গ্রেফতারের ঘটনার পর প্রশ্ন উঠেছে তার পিএসএল ২০২৬-এ অংশগ্রহণ নিয়ে। ওয়ার্নার বর্তমানে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দুর্দান্ত ফর্মে ছিলেন। টানা তিন জয়ে দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে এই ঘটনার প্রভাব পিএসএলের চলমান আসরে পড়তে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে, এলোমেলোভাবে চালানোর পর গাড়ি পার্ক করার চেষ্টা করছিলেন ওয়ার্নার। পরে তাকে শ্বাস পরীক্ষার জন্য থামানো হয়। পরীক্ষায় দেখা যায়, তার শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪, যা নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি। এরপর তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আগামী মাসে আদালতে হাজিরা দিতে হবে।
তবে স্বস্তির খবর হলো, ওয়ার্নার আপাতত পাকিস্তানে ফিরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। দল বা লিগ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ওয়ার্নার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়ার আগে ১৫,০০০-এর বেশি রান করেছিলেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: