প্রথমবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে লড়বে বাংলাদেশ
এই প্রথম ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্ট’-এ অংশ নিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের তৃতীয় সংস্করণে সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদসহ দলের সাবেক ক্রিকেটাররা।
শনিবার (১১ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন তামিম ইকবাল। তবে দলের সিইও শাহনিয়ান তানিম স্পষ্ট করে জানান, এই টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
আগামী ২৫ জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নস দল। আট দলের এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, যা সাধারণত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিজেন্ডস ক্রিকেট হিসেবে পরিচিত।
দলের শক্তি বাড়াতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান-কে দলে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে সরকারি অনুমোদন ও আইনি জটিলতার বিষয়গুলোর ওপর।
শাহনিয়ান তানিম বলেন, মাশরাফি ও সাকিবকে শুধু ক্রিকেটার হিসেবেই দেখা হচ্ছে। তবে বর্তমান বাস্তবতা ও আইনি প্রক্রিয়া বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুকূলে এলে তাদের জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে।
অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, ইংল্যান্ডে বিভিন্ন টুর্নামেন্ট দেখতে গিয়ে তিনি একদিন নিজে খেলার স্বপ্ন দেখতেন, যা এখন বাস্তব হতে চলেছে। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, শুরু থেকেই তিনি এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন এবং এবার লক্ষ্য শিরোপা জয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: