• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নতুন কুঁড়িতে ১৬ লাখের বেশি খেলোয়াড়ের নিবন্ধন

প্রকাশিত: ০০:০১, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০১, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নতুন কুঁড়িতে ১৬ লাখের বেশি খেলোয়াড়ের নিবন্ধন

দেশের তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ ‘নতুন কুঁড়ি’তে এবার ১৬ লাখের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছেন।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি জানান, অনলাইনে এখন পর্যন্ত ১৬ লাখ ২৩ হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে কিশোরের সংখ্যা ৯ লাখের বেশি। কিশোরী নিবন্ধন করেছেন ৬ লাখের বেশি। মোট অংশগ্রহণকারীর প্রায় ৫০ শতাংশ কিশোর এবং ৪২ শতাংশ মেয়ে।

মেয়েদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার মতে, খেলাধুলায় মেয়েদের এই অংশগ্রহণ দেখে আরও পরিবার উৎসাহিত হবে এবং তারা বুঝতে পারবে, মেয়েদের হাত ধরেও দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারে।

নতুন কুড়ি স্পোর্টসের জন্য দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠনের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ১৪ লাখ খেলোয়াড়। ফুটবল, ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্টে এসব খেলোয়াড়কে বাছাই করা হবে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি সিজন ২’-এর উদ্বোধন করা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করবেন।

গতবার নতুন কুঁড়ির আটটি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। এবার ইভেন্টের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে।

প্রথম আসর থেকে পাওয়া ৩০৬ জন ক্রীড়াবিদকে নিয়ে এরইমধ্যে বিকেএসপি ৪০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ফাইনাল রাউন্ডে পুরস্কৃত হওয়া এসব ক্রীড়াবিদকে প্রশিক্ষণের মাধ্যমে আরও প্রস্তুত করা হচ্ছে।

আমিনুল হক বলেন, এই কার্যক্রমের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ক্রীড়া ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত