শুধু জয় নয়, ফাইনালে উঠতে কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের!
জিম্বাবুয়ের বিরুদ্ধে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ফলে ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়েছে তাদের। আজ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।
ফাইনালে খেলতে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের এবং রান রেটের হিসাবেও পয়েন্ট টেবিলে কমপক্ষে দ্বিতীয়স্থানে থাকতে হবে তাওহীদ হৃদয়ের দলকে। শারজায় বিকাল সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচটি।
আবুধাবির নিরপেক্ষ ভেন্যুতে তিন জাতির ওয়ানডে সিরিজে অন্যতম ফেভারিট ছিলো বাংলাদেশ। কিন্তু মরুর বুকে তাদেরই এখন নাভিশ্বাস উঠছে। ঘরের মাঠে বড় দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। কিন্তু দেশের বাইরে গেলেই যেন বদলে যায় সব।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শংকায় লালসবুজের দল। সিঙ্গেল রাউন্ডের টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের বিপক্ষেই পরের ম্যাচটা খেলবে বাংলাদেশ।
ফাইনাল খেলার স্বপ্ন পুরণে আফগানদের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য "মাস্ট উইনই" শুধু নয়; রান রেটের অংক মেলাতে প্রয়োজন বড় ব্যবধানের জয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল অনুপ্রেরনা দিয়েছেন দলকে। আত্মবিশ্বাসী তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রা।
জিম্বাবুয়কে টপকে ফাইনাল খেলতে হলে হিসেবের কঠিন সমীকরণ বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করলে কমপক্ষে ৪১ রানে হারাতে হবে প্রতিপক্ষকে। আর বড় টার্গেট তাড়া করে জিততে হলে প্রায় ১০ ওভার আগেই ম্যাচ শেষ করতে হবে। তাহলেই রান রেটের হিসেবে ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে এখন এই কঠিন সমীকরণ মেলার চ্যালেঞ্জে তাওহীদ হৃদয়ের দল।
বিভি/এজেড













মন্তব্য করুন: