• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আফ্রিদি-রাজ্জাকের রেকর্ডবুকে নাম তুলে পাকিস্তানকে জেতালেন মিনহাজ

প্রকাশিত: ১৩:১৫, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আফ্রিদি-রাজ্জাকের রেকর্ডবুকে নাম তুলে পাকিস্তানকে জেতালেন মিনহাজ

পাকিস্তানের দুই কিংবদন্তী অলরাউন্ডার আবদুর রাজ্জাক ও শহীদ আফ্রিদির রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন নবীন তারকা আরাফাত মিনহাজ। তার অলরাউন্ডার নৈপূণ্যে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান হারিয়েছে ইংল্যান্ডকে।

ব্যাট হাতে ৫৯ রানের পর বল হাতে ছয় উইকেট নিলেন আরাফাত মিনহাজ।রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার রাতে তার এই অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তান ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। 

আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩০৫ করে ৩৭ রানের জয় পাওয়া পাকিস্তান এদিন ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পায়। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৮তম ওভারে ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শাহিন শাহ আফ্রিদির দল। সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন হাসান নেওয়াজ এবং আরাফাত মিনহাজ। 

ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৭৮ রান। নেওয়াজ ৭৪ বলে ৭৯ করে আউট হওয়ার পর মিনহাজ ৫৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফেরার আগে ফাহিম আশরাফকে নিয়ে সপ্তম উইকেটে দলকে আরও ৭২ রান জুড়ে দেন ২১ বছরের অলরাউন্ডার। 

শেষ ১০ ওভারে স্বাগতিকরা তোলে ৯১ রান। ফাহিম ২৬ বলে ৩৯ রান যোগ করেন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোর পৌঁছায় ৩০২-এ। ইংলিশ বোলিংয়ে পেসার সনি বেকার ৯ ওভারে ৬৫ রানে তিন উইকেট নিয়ে সেরা সাফল্য পান। 

জবাবে টম ব্যান্টনের ৫৭ এবং বেন ডাকেটের ৪৫ রানে ১৯ ওভার তিন বলে এক উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলে সফরকারীরা। এরপরই মিনহাজের ঘূর্ণিজাদু। ইংল্যান্ড আর ৯৫ রান যোগ করে ৩৮ ওভার চার বলে ২১৫-তে অলআউট হয়। এই বাঁ-হাতি স্পিনার ৮ ওভার চার বলে ৪০ রান দিয়ে ছয় উইকেট নেন। ২১ বছরের মিনহাজ ওয়ানডে ক্যারিয়ারে তার পঞ্চম ম্যাচ খেললেন। 

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বশেষ ব্যাট হাতে ফিফটি ও বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন শহীদ আফ্রিদি ২০১৩ সালে। এর আগে মোট চারবার এই কীর্তি গড়েন পাকিস্তানিরা। যার মধ্যে তিনবার আফ্রিদি এবং একবার রাজ্জাক। তালিকায় ষষ্ঠ রেকর্ডের তৃতীয় ক্রিকেটার মিনহাজ।

বিভি/এজেড

মন্তব্য করুন: