সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামার সুযোগ হচ্ছে না শুধু হামজা দেওয়ান চৌধুরীরই নয়, বরং আরেক প্রবাসী তারকা ফারহান আলী ওয়াহিদেরও। আগামী ৫ নভেম্বর ঢাকায় এই টুর্নামেন্ট শুরু হলেও ফিফা উইন্ডো ৯ নভেম্বরের আগে না খোলায় এই দুই তারকাকে ছাড়াই দল সাজাতে হচ্ছে কোচ থমাস ডুলিকে।
জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি আজ (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’
হামজা প্রথম ম্যাচ খেলতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল। আগামী ৯ নভেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। এই সময়ের পর ক্লাবগুলো বিভিন্ন দেশের ফুটবলারদের ছাড়তে বাধ্য। কিন্তু ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে ৫ নভেম্বর। ফিফা উইন্ডো শুরু হলেই কেবল ছাড়পত্র পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা।
এদিকে, দলের অন্য কয়েকজন প্রবাসী ফুটবলার নির্ধারিত সময়েই যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তার তথ্য অনুযায়ী, রোনান সুলিভান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। শমিত, জায়ান ও ফাহমিদুল আগেই দলের সঙ্গে যোগ দেবেন। মাহি খান ইতোমধ্যে ক্যাম্পে এসেছেন।
সাফের নিয়ম অনুযায়ী, ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ছিল। এরপর চোটে পড়লেও খেলোয়াড় বদলের সুযোগ নেই। বিষয়টিকে কঠিন বলে উল্লেখ করেছেন ডুলি। তার মতে, এই নিয়ম সব দলের জন্যই প্রযোজ্য, তাই পরিস্থিতি মেনেই খেলতে হবে বাংলাদেশকে।
এদিকে, স্কোয়াডের ফরোয়ার্ড লাইন নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন কোচ থমাস ডুলি। তার মতে, দলের সবচেয়ে বড় সংকট একজন প্রপার ‘নাম্বার নাইন’ বা নিখাদ সেন্ট্রাল ফরোয়ার্ডের অভাব, যার মধ্যে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করে প্রথম বল রিসিভ করার সাহস থাকে। মূলত এই তীব্র গোলখরা ও ঘাটতি মেটাতেই মাহে খান এবং অনূর্ধ্ব-২০ দলের আলো ছড়ানো ফরোয়ার্ড রোনান সুলিভানের ওপর আস্থা রাখছেন কোচ।
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: