এনপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা
ছবি: ক্রিকইনফো
নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে জটিলতায় নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আগে অনুমতিপত্র পাওয়া ক্রিকেটারদেরও আপাতত খেলার অনুমতি স্থগিত রাখার কথা জানানো হয়েছে। এদিকে, প্রতিটি ক্রিকেটারের জন্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার ফি দাবি করা হয়েছে বলে খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ক্রিকইনফো জানিয়েছে, এনপিএলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে তারা এ তথ্য জানতে পেরেছে। তবে এনওসি দেওয়ার বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিখিতভাবে কোনো ফি দাবি করেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
আটটি দল নিয়ে আয়োজিত এবারের এনপিএল ২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলার কথা। টুর্নামেন্টের ম্যাচগুলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন। অন্যদিকে, যাদের নেপালের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, তারা জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত যাত্রা পিছিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
ফি-সংক্রান্ত বিষয়টিই অনুমতি পাওয়ার ক্ষেত্রে মূল বাধা কি না, কিংবা আদৌ এমন ফি দাবি করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে ক্রিকইনফোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পিসিবি।
এনপিএলে অংশ নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়দার আলী, হুনাইন শাহ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, হাসান আলী ও উসামা মীরের। তাদের কেউই এনপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক কোনো পাকিস্তান জাতীয় দলের স্কোয়াডে নেই।
চলতি বছরের শুরুতে পিসিবি নতুন কেন্দ্রীয় চুক্তি কাঠামো ঘোষণা করে। এতে সাদা বল ও লাল বলের ক্রিকেটের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ‘ফরম্যাট ট্র্যাক ডি’ নামে একটি বিভাগ চালুর কথা বলা হয়, যেখানে থাকা ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
এই কাঠামোর আওতায় আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সূচির সংঘাত না থাকলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ দেওয়ার কথা। তবে পিসিবি এখনো প্রকাশ্যে জানায়নি, কোন ক্রিকেটার কোন ট্র্যাকে রয়েছেন। এমনকি নতুন চুক্তি কাঠামোটি কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
এদিকে, এনপিএলে খেলতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের কেউই বর্তমানে দেশটির টেস্ট বা ওয়ানডে দলের পরিকল্পনায় নেই। ফলে এনওসি-সংক্রান্ত জটিলতা কবে কাটবে এবং তারা শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: ক্রিকইনফো
বিভি/পিএইচ













মন্তব্য করুন: