• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

হাসান মাহমুদের রেকর্ডের দিনে ব্যর্থ টপঅর্ডাররা, কতদূর যাবে টাইগাররা?

প্রকাশিত: ২২:১৫, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৬, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাসান মাহমুদের রেকর্ডের দিনে ব্যর্থ টপঅর্ডাররা, কতদূর যাবে টাইগাররা?

মাত্র একটা সপ্তাহের ব্যবধান। অথচ বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা, স্বপ্ন আর বাস্তাবতায় আকাশ পাতাল ফারাক। টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের স্বপ্ন ছিলো টাইগারদের চোখে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সেই চোখে উল্টো ধবল ধোলাইয়ের শঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন প্রথম টেস্টেই ভেঙে চুরমার। ক্যারিবিয়ানরা দেখাচ্ছে লাল বলে এখনো তারা বনেদি, নিজেদের কুলিন প্রতিষ্ঠায় বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরো অনেক পথ।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরো একবার ঢাকা পড়লো পেসার হাসান মাহমুদের নৈপুণ্য। সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে টাইগাররা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে, বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে করেছে ৩ উইকেটে ৮৮ রানে। এখনো নাজমুল হোসেন শান্তর দল পিছিয়ে আছে ২৬৮ রানে। আলোর স্বল্পতায় ১৯ ওভার আগেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।

৩৫৬ রান টেস্টের প্রথম ইনিংসে ভালো স্কোর। তবে আহামরি কিছু নয়। সেই স্কোরকে টপকে বড় কিছু করতে চাই শক্ত ভিত্তি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যারা সেই ভিত্তির পথেই হাটেনি। নিয়মিত ওপেনার সাদমান ইনজুরিতে। টাইগার টিম ম্যানেজমেন্ট নতুন বল সামলাতে নামিয়ে দিলো লোয়ার অর্ডার নাঈম হাসানকে। দলের মাত্র ১৩ রানেই সাঁজঘরে নাঈম।

তানজিদ হাসান তামিমের ওপর গুরু দায়িত্ব স্কোরবোর্ড সচল রাখার। তিনি হেটেছেন ধুন্ধুমার ক্রিকেটের সহজ পথে। তেড়েফুড়ে খেলতে গিয়ে পা হড়কে তানজিদ হাসান তামিম নিজে ডুবেছেন, দলকে ফেলেছেন বিপদে।

এ বছর টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অথচ কিছুদিন ধরেই পেসের বিপক্ষে তার দূর্বলতা দিনের আলোর মতোই স্বচ্ছ। সেট হওয়ার পরও অফ স্টাম্প থেকে ভেতরে বল এলেই তিনি পরাস্ত। এবারো শামার জোসেফ একই ফাঁদে উপড়ে ফেলেছেন তার স্ট্যাম্প।

বাকি দিনটায় আর কোন বিপদ হতে দেননি তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। যদিও মুশফিক একবার জীবন পেয়েছেন আম্পায়ারের বদন্যতায়।               

অথচ দিনের শুরুটা ছিলো হাসান মাহমুদের আলোয় ঝলমলে। আগের দিন সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের নায়ক আমির জাঙ্গু। ১৩৩ রানে থেমেছে তার ইনিংস। তাকে বোল্ড করে দিনের শুরু হাসান মাহমুদের। পরের বলেই টাইগার পেসারের শিকার উইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। হ্যাটট্রিকও পেয়েছিলেন। তবে রিভিউয়ে বেঁচে গেছেন জশুয়া বিশপ। 

দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানদের বাকি ছয় উইকেটের চারটিই নিয়েছেন হাসান মাহমুদ। জশুয়া বিশপ ও শামার জোসেফের উইকেট গেছে তার ঝুলিতে। ১৯ টেস্টে পঞ্চমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন টাইগার পেসার। এই প্রথম দেশের মাটিতে হাসানের ফাইফার। 

তারপরও ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ছাড়িয়েছে সাড়ে তিনশ'। দিনশেষে বাংলাদেশ পিছিয়ে ২৬৮ রানে। ম্যাচ অনেকটাই হেলে আছে উইন্ডিজদের দিকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত