• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বিরল রেকর্ড গড়লেন বেনেট

প্রকাশিত: ২৩:৪৪, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বিরল রেকর্ড গড়লেন বেনেট

মাত্র ২২ বছর বয়সে টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের তরুণ ব্যাটার ব্রায়ান বেনেট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি করে জিম্বাবুয়ে ক্রিকেটের এক বিরল রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা পিঠের চোটে ছিটকে যাওয়ায় সহ-অধিনায়ক বেনেট পেয়েছিলেন এই গুরুদায়িত্ব, আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে তার প্রমাণ দিলেন।

আফগান বোলারদের শর্ট বলের পরিকল্পনা দারুণভাবে সামলে শুক্রবার (৬ নভেম্বর) আগের দিনের ৭১ রান থেকে খেলা শুরু করে সেঞ্চুরি পূর্ণ করেন বেনেট। ইনিংসের ১০৪তম ওভারে জিয়াউর রহমান শরিফির বলে চার মেরে ১৭৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ১১টি চারে ২০৬ বলে ১২৮ রান করে আউট হন এই তরুণ। তার এই নান্দনিক ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫০৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।

এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন বেনেট। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দেশের প্রথম টেস্টে ১২১ রান করে এই ধারার সূচনা করেছিলেন ডেভ হটন। পরের দুটি ঘটনা অবশ্য বাংলাদেশের বিপক্ষেই—২০১১ সালে হারারেতে ব্রেন্ডন টেলর অপরাজিত ১০৫ এবং ২০২০ সালে মিরপুরে ক্রেইগ আরভিন ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। ছয় বছর পর সেই তালিকায় চতুর্থ নাম হিসেবে যুক্ত হলেন বেনেট।

বয়সের হিসেবেও এটি এক অনন্য অর্জন। মাত্র ২২ বছর ৩৬০ দিন বয়সে সেঞ্চুরি করে জিম্বাবুয়ের দ্বিতীয় কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক হিসেবে তিন অঙ্কের দেখা পেলেন তিনি। এই তালিকায় সবার ওপরে আছেন ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে ২১ বছর ২৪ দিন বয়সে সেঞ্চুরি করা তাতেন্দা তাইবু। এটি বেনেটের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বুলাওয়েতে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম সেঞ্চুরি (১১০) এবং ২০২৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

শারজাহর এই ইনিংসে বেনেটের সঙ্গে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলরও। প্রথম দিনেই ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৩১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তৃতীয় উইকেটে বেনেটের সঙ্গে তাদের ১৩৭ রানের জুটি জিম্বাবুয়ের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। টেলরের বিদায়ের পর ওয়েসলি মাধেভেরে (৫৪) ও উইকেটরক্ষক তাফাদজাওয়া সিগার (৪৪) সঙ্গে ছোট কিন্তু কার্যকরী জুটিতে দলকে ৫শ পার করান বেনেট। শেষ পর্যন্ত ১৩৪.৩ ওভারে ৫০৪ রানে অলআউট হয় সফরকারীরা। আফগানিস্তানের পক্ষে কায়েস আহমেদ ও মোহাম্মদ সালিম সাফি তিনটি করে উইকেট শিকার করেন।

বড় লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ৫৫ ও রহমানউল্লাহ ৫০ রান নিয়ে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন নিউম্যান নিয়ামহুরি। প্রথম ইনিংসে এখনো ৩৯১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত