নোয়াখালীতে অনুর্ধ্ব-১৪ ফুটসাল ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
ফাইল ছবি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে অনুর্ধ্ব-১৪ ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে জেলা শহরের নোয়াখালী শহীদ ভুলু আউটার ষ্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
মাদক-ইভটিজিং-কিশোর গ্যাং থেকে দুরে থাকবো- মাঠে গিয়ে খেলাধুলা করবো, এই শ্লোগান সামনে রেখে নোয়াখালী জেলা ফুটবল খোলোয়াড় কল্যাণ সমিতির সার্বিক সহযোগীতায় এবং নোয়াখালী ষ্টার ফুটবল একাডেমী কতৃক আওয়ার ভয়েজ ফুটসাল ফুটবল টুর্ণামেন্টটি গত ২০ অক্টোবর শুরু হয়। টুর্ণামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, বর্তমান সমাজে যেভাবে মাদক-ইভটিজিং-কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে তরুণরা জড়িয়ে যাচ্ছে, তা থেকে দূরে রাখার জন্যই এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়। এছাড়া নোয়াখালীতে ফুটবলের আকাল যেভাবে চলছে, তাতে তরুণ সমাজ ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তৃণমূল থেকে খেলোয়াড় উঠে না আসায় নোয়াখালীতে বিভিন্ন বয়স ভিত্তিক দলও গঠন করা যাচ্ছে না। তারা আশা করেন, এই টুর্ণামেন্টের মাধ্যমে শিশু-কিশোর-তরুণ-যুবকদের ফুটবলের প্রতি আর্কষণ সৃষ্টি হবে। একই সাথে তারা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে।
ক্রীড়া সংগঠকরা বলছেন, তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দুরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণ সমাজের মনকে বিকাশিত করে। ছোট বয়স থেকে যদি খেলাধুলা মননশীলতায়, চিন্তা-ভাবনায়, মস্তিস্কে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই তারা অপরাধ থেকে দুরে থাকবে। একই সাথে নোয়াখালীতে তৃণমুলে যে ফুটবল খেলোয়াড় সংকট, তা কাটবে বলেও আশা প্রকাশ করছেন। এই ধরণের বয়স ভিত্তিক টুর্ণামেন্ট আগামীতেও হবে বলে আশাবাদী তারা।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফুটবল ফেডাশেনের কাউন্সিলর ইকবাল বাহার আজাদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খোলোয়াড় মোফাজ্জ্বল হোসেন সৈকত, মো. লিংকন, নোয়াখালী ফুটবল খোলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম হিমু প্রমুখ।
বিভি/এআই













মন্তব্য করুন: