• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এবার বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে হালান্ড, নেপথ্যে কী?

প্রকাশিত: ২০:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে হালান্ড, নেপথ্যে কী?

নিজের নাম ও ব্যক্তিগত ব্র্যান্ডের বাণিজ্যিক স্বত্ব রক্ষায় আইনি লড়াইয়ে জিতেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নিজের পদবি ‘হালান্ড’ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা ক্রোয়েশিয়ার একটি বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে শেষ পর্যন্ত সাফল্য পেয়েছেন এই নরওয়েজিয়ান ফুটবলার।

ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিতে গিয়ে ২০২৩ সালে জটিলতায় পড়েন হালান্ড। তখনই তিনি জানতে পারেন, ক্রোয়েশিয়ার একটি বিদ্যুৎ কোম্পানি আগেই ‘হালান্ড’ নামে ট্রেডমার্কটি নিবন্ধন করে রেখেছে।

স্পোর্টসওয়্যার, পুষ্টিবর্ধক সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, খেলনা, দই, অ্যালকোহলজাত পানীয় ও নারীদের পোশাকসহ নানা ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে হালান্ডের। কিন্তু আগে থেকে নিবন্ধিত ওই ট্রেডমার্কটি তার ব্যবসায়িক পরিকল্পনার সামনে বাধা হয়ে দাঁড়ায়।

বিদ্যুৎ কোম্পানিটির মালিক মিখাউ ভঁস দাবি করেন, ইংরেজি ‘হাই অ্যাডভান্সড অ্যাক্টিভিটি ল্যান্ড’ শব্দগুচ্ছ থেকেই তাদের কোম্পানির নামের উৎপত্তি। তবে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা তার এই যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁদের কাছে ব্যাখ্যাটি বিশ্বাসযোগ্য মনে হয়নি।

অন্যদিকে, হালান্ডের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন, ট্রেডমার্ক নিবন্ধনের সময়ই বেশ পরিচিত নাম ছিলেন এই ফুটবলার। তাদের দাবি, অসৎ উদ্দেশ্যেই হালান্ডের পদবি ব্যবহার করে ট্রেডমার্কটি নিবন্ধন করা হয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ পর্যন্ত হালান্ডের পক্ষের যুক্তি গ্রহণ করে ট্রেডমার্কটি বাতিল করা হয়। এর মধ্য দিয়ে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

নিজের নাম ও ভাবমূর্তি রক্ষায় অবশ্য এবারই প্রথম আইনি লড়াইয়ে নামেননি হালান্ড। ২০২৬ সালের শুরুর দিকেও নরওয়ের একটি এয়ারলাইনসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন তার প্রতিনিধিরা।

একটি বিজ্ঞাপন প্রচারণায় ওই এয়ারলাইনস হালান্ডের পরিচিত পনিটেইল চুলের স্টাইল ব্যবহার করেছিল, যা দীর্ঘদিন ধরে তার স্বতন্ত্র পরিচয়ের অংশ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক ফুটবলে হালান্ডের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে উঠছে তার নাম ও ব্যক্তিগত ভাবমূর্তি। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও নিজের ব্র্যান্ডকে শক্তিশালী করতে এবং বাণিজ্যিক স্বার্থ ধরে রাখতে তৎপর এই নরওয়েজিয়ান তারকা।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: