দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ শান্ত বাহিনী
আড়াই দিনেই ইনিংস ব্যবধানে লজ্জার হার বাংলাদেশের
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ দিয়ে খানিকটা মুখ রক্ষা করলেও সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই ব্যাটিংয়ে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বোলিংয়েও নিষ্প্রভ থাকায় শেষ পর্যন্ত ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হার মানতে হলো টাইগারদের। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এরপর দক্ষিণ আফ্রিকা ৪০৩ রানের বিশাল লিড নিলে ম্যাচের ভাগ্য অনেকটাই প্রথম ইনিংস শেষেই নির্ধারিত হয়ে যায়; বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। দ্বিতীয় ইনিংসে অন্তত লড়াইয়ের প্রত্যাশা থাকলেও উইয়ান মুল্ডারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে সাত সেশনেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা, আর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়েই নিশ্চিত হয় বাংলাদেশের হার।
প্রথম ইনিংসে বাংলাদেশকে একশর আগেই আটকে দিয়ে ৭ উইকেটে ৪৯৪ রানে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টপ অর্ডারে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুতই ছন্দ হারায় বাংলাদেশ। দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে প্রথম ইনিংসের মতো চরম বিপর্যয় এড়ানো গেলেও মিডল অর্ডারের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
ওপেনিংয়ে তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন ভালো শুরু করেছিলেন। তবে ১৫তম ওভারে অফ স্টাম্পের সামান্য বাইরের ডেলিভারি ছাড়ার সুযোগ থাকলেও স্কয়ার কাটে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তানজিদ; ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে রায়ান রিকেলটনের গ্লাভসে। ৪৮ বলে ২৯ রান করে ফেরেন তিনি।
তানজিদের বিদায়ের পর ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারেই আবারও আঘাত হানেন মুল্ডার। তার বলে মুমিনুল হকের গ্লাভস ছুঁয়ে ক্যাচ নেন রিকেলটন, শূন্য রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর ৬২ বলে ৭ চারে ৩৮ রান করা মাহফিজুল ইসলাম রবিন মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হলে থামতে হয় তাকেও।
৭৮ রানে ৩ উইকেট পড়ার পর দলকে সামলে নেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ইয়ানসেনের এক ওভারে তিনটি চার মেরে পাল্টা আক্রমণে যান হৃদয়। তার আগের ওভারে বাউন্ডারি হজম করেছিলেন কাগিসো রাবাদাও। শেষ পর্যন্ত রাবাদার বলে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়; ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান। তার বিদায়ে ভাঙে ৭৬ বলে ৫০ রানের জুটি, ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর লিটন দাস ও শান্ত মিলে ৩০ রানের জুটি গড়ে লড়াই টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু লিটনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মুল্ডার। এরপর যেন একাই ধ্বংসযজ্ঞ চালান দক্ষিণ আফ্রিকার এই পেসার। চার ওভারে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন তিনি। টানা দুই বলে জাকের আলী ও শরিফুল ইসলামকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানোর পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের কীর্তি গড়েন মুল্ডার।
পরের আরেক ওভারে ৩৪ রানে শান্তকেও ফিরিয়ে দেন মুল্ডার, আর তার পরের ওভারে বোল্ড হন তাসকিন আহমেদ। শেষ দিকে খালেদ হোসেনের উইকেট তুলে নেন ইয়ানসেন। সব মিলিয়ে মাত্র ২৬ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ।
১১ ওভারে ৩১ রান খরচায় ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন।
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: