কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে পর্যটন কার্নিভাল, জানা গেল দিনক্ষণ
পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্যটন কার্নিভাল। এ উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, ট্যুরিস্ট পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বাণ চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ।
সভায় পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ ও ঢাকা টকিজ নামের বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ ও আর্থিক সহায়তায় এবারের পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, পর্যটন কার্নিভাল উপলক্ষে কুয়াকাটায় বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভ্যাল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবসহ নানা আয়োজন থাকবে।
কার্নিভালে সংগীতশিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, হাসান, বাউলশিল্পী চিশতী বাউল, অভিনেতা সিয়াম আহমেদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তৌহিদ হৃদয় উপস্থিত থেকে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। পর্যটন কার্নিভালের উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান, ইভান হাসান ও সাদিয়া রোশনী সূচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে শুধু একটি সমুদ্রসৈকত হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, আবাসন, বিনোদন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের বিকাশ হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এ অঞ্চলের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও পর্যটন ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল সমুদ্রসৈকত ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে কুয়াকাটাকে ঘিরে পর্যটকদের আগ্রহ দীর্ঘদিনের। দীর্ঘ নয় বছর পর আয়োজিত এবারের পর্যটন কার্নিভালের মাধ্যমে সেই আকর্ষণ আরও বাড়বে এবং কুয়াকাটার পর্যটনশিল্পে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: