ঝুঁকিতে হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড ছবি
ওয়েবসাইট খুললেই হ্যাক হচ্ছে ফোন
ইন্টারনেটে তথ্য খোঁজা থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ-সবকিছুতেই এখন ওয়েবসাইটের ওপর নির্ভরশীল মানুষ। প্রয়োজনীয় তথ্য পেতে প্রতিদিনই অসংখ্য ওয়েবসাইটে প্রবেশ করছেন ব্যবহারকারীরা। কিন্তু সাইবার অপরাধীদের নতুন কৌশলে এখন সেই অভ্যাসই হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক কিংবা ফাইল ডাউনলোড না করেও শুধু একটি ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে স্মার্টফোনে সাইবার হামলার শিকার হতে পারেন ব্যবহারকারী।
হ্যাকারদের তৈরি বিশেষ ওয়েবসাইট কিংবা আগে থেকেই আক্রান্ত কোনো ওয়েবপেজে প্রবেশ করলেই গোপনে সক্রিয় হতে পারে ক্ষতিকর কোড। এর মাধ্যমে স্মার্টফোনের নিরাপত্তাজনিত দুর্বলতাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ব্যক্তিগত কথোপকথন, সংরক্ষিত পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, লোকেশন এবং ব্রাউজিংয়ের তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এআরএস টেকনিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের অক্টোবর মাসে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকোইয়া (Sekoia) এই হ্যাকিং কার্যক্রম শনাক্ত করে। গবেষকদের ধারণা, এই তৎপরতার পেছনে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরের (SVR) সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এখন পর্যন্ত এই যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
কিভাবে সাইবার হামলা হচ্ছে?
গবেষকদের অনুসন্ধানে এই সাইবার হামলার তিনটি কৌশল উঠে এসেছে। এর মধ্যে রয়েছে বৈধ ওয়েবসাইটে ক্ষতিকর কোড সংযুক্ত করা, পরিচিত ও বিশ্বস্ত ওয়েবসাইটের আদলে ভুয়া সাইট তৈরি এবং ইউক্রেনের ওয়েব অ্যানালিটিক্স সেবা প্লারডি (Plerdy)-তে অনুপ্রবেশ।
বিশ্বজুড়ে হাজার হাজার ওয়েবসাইটে প্লারডির ট্র্যাকিং টুল ব্যবহৃত হয়। ফলে এই সেবায় হ্যাকারদের অনুপ্রবেশের কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতেও ক্ষতিকর কোড ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।
এ ছাড়া গবেষকদের নজরে এসেছে দুটি বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েবসাইট। এর একটি america250[.]holiday। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি সরকারি America250 ওয়েবসাইটের আদলে এটি তৈরি করা হয়েছিল।
অন্যটি theowo[.]club। এটি লন্ডনের বিলাসবহুল হোটেল Raffles London at The OWO-এর নকল ওয়েবসাইট। হোটেলটি যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি অবস্থিত।
ওয়েবসাইটে ঢুকলেই যেভাবে তথ্য চুরি
আক্রান্ত ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে পেছনে থাকা ক্ষতিকর কোড স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে। প্রথমেই ব্যবহারকারীর ডিভাইসটি আইফোন নাকি অ্যান্ড্রয়েড, তা শনাক্ত করা হয়। পাশাপাশি ফোনে ব্যবহৃত সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের সংস্করণও যাচাই করে হ্যাকারদের কোড।
এরপর ডিভাইসের নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বের করে সেটি কাজে লাগিয়ে ফোনে অনুপ্রবেশের চেষ্টা করা হয়। সফল হলে ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে হামলাকারীরা।
এ ধরনের আক্রমণে ব্যবহারকারীকে কোনো লিঙ্কে ক্লিক করা, ফাইল ডাউনলোড করা কিংবা আলাদা কোনো অনুমতি দেওয়ার প্রয়োজন হয় না। সাইবার নিরাপত্তার পরিভাষায় এ ধরনের হামলাকে বলা হয় ‘জিরো-ক্লিক অ্যাটাক’।
আইফোন ও অ্যান্ড্রয়েড-দুই ব্যবহারকারীই ঝুঁকিতে
প্রতিবেদন অনুযায়ী, আইফোন ব্যবহারকারীদের তথ্য চুরির জন্য DarkSword নামের একটি টুল ব্যবহার করেছে হ্যাকাররা। এই টুলের মাধ্যমে ফোনের টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের চ্যাট, সংরক্ষিত পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি এবং অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব।
অন্যদিকে, অ্যান্ড্রয়েড ফোনও এই হামলার বাইরে ছিল না। এসব ডিভাইস থেকে গুগল ক্রোমের ব্রাউজিং ডেটা, সংরক্ষিত পাসওয়ার্ড, লগইন তথ্য, ব্রাউজিং হিস্ট্রি এবং ওয়াই-ফাই পাসওয়ার্ড চুরির চেষ্টা করা হয়েছে।
স্মার্টফোন সুরক্ষায় করণীয়
এ ধরনের হামলার ঝুঁকি থাকলেও ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সেকোইয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হ্যাকাররা যেসব সফটওয়্যারজনিত দুর্বলতা কাজে লাগিয়েছে, অ্যাপল ও গুগল ইতিমধ্যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোর সমাধান করেছে। তাই এ ধরনের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেট নিয়মিত আপডেট করা জরুরি। বিশেষ করে ফোনে সর্বশেষ সফটওয়্যার সংস্করণ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কারণ, পুরোনো সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়েই সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল যোগাযোগের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে।
কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের স্মার্টফোন?
এই সাইবার হামলার খবর উদ্বেগজনক। তবে একটা স্বস্তির বিষয়ও রয়েছে। Sekoia জানিয়েছে, হ্যাকাররা যে নিরাপত্তাজনিত ত্রুটিগুলিকে কাজে লাগিয়েছে, অ্যাপল এবং গুগল ইতিমধ্যেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলি ঠিক করে দিয়েছে। অর্থাৎ, যাঁরা নিজেদের ফোনে লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করেছেন, তাঁরা এই হামলায় ব্যবহৃত নিরাপত্তাজনিত দুর্বলতা থেকে সুরক্ষিত।
বিভি/ এসআই













মন্তব্য করুন: