• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৩:২১, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শেষ করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেলসহ হালকা ও ভারী সব ধরনের যানবাহন রয়েছে।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল গণমাধ্যমকে জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটি এখনও পুরোপুরি সংস্কার করা হয়নি। বর্তমানে সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তিনি আরও জানান, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দুতে গেলে তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য থাকে না। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে চকরিয়ার খুটাখালী এলাকার দুই যুবক নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত