রমজানকে স্বাগত জানাতে রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘রমাদান ইন ইয়াং হার্টস’ সেমিনার
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় সচেতনতা ও উৎসবের আমেজ তৈরি করার লক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘রমাদান ইন ইয়াং হার্টস’।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব ও কাহফ কিডস-এর যৌথ উদ্যোগে এবং তাজ ফুড-এর সৌজন্যে এই প্রি-রমজান সচেতনতামূলক সেমিনারটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। সেমিনারের সূচনালগ্নে উদ্বোধনী বক্তব্যে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও চরিত্র গঠনে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি। তিনি শিক্ষার্থীদের রমজানের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, লেখক ও শিশু-প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট জাহিদ হাসান। তিনি তার আলোচনায় পবিত্র রমজান মাসকে কীভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, রমজানের করণীয় ও বর্জনীয়, শিশু ও কিশোরদের মানসিক প্রস্তুতি, পরিবারকেন্দ্রিক ইবাদতের গুরুত্ব এবং রমজানের পাশাপাশি ঈদকে সামনে রেখে প্রস্তুতি ও করণীয় বিষয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবসমূহের কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো: জাহেদুল হক। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর ও ইসলামশিক্ষা বিভাগের প্রভাষক ইবরাহিম আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য মুনতাসির আলম অর্পন। তারা ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত নৈতিক চর্চায় উদ্বুদ্ধ করেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল রমজানকে সুশৃঙ্খলভাবে শুরু করা, আত্মিক উন্নয়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে রমজানের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো এবং একটি অর্থবহ ঈদ উদযাপনের প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
গম্ভীর আলোচনার পাশাপাশি সেমিনারটিতে ছিল প্রাণবন্ত কুইজ সেশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। কুইজ বিজয়ীদের এবং উপস্থিতিদের জন্য ছিল আকর্ষণীয় উপহারের ব্যবস্থা, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে প্রায় ৭ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর। অংশগ্রহণকারীরা জানান, রমজান ও ঈদের প্রস্তুতির বিষয়ে এমন দিকনির্দেশনামূলক আয়োজন তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষণীয় ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করে 'তাজ ফুড', 'মেহেদি ক্যামেস্ট্রি একাডেমি' এবং 'নুর স্যার ফিজিক্স'।
বিভি/এজেড



মন্তব্য করুন: