সেই তাজুলের মিলিয়ন ফলোয়ারের ‘পেজ’টি উধাও
কুড়িগ্রামের তরুণ কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু—যিনি ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামের ব্যতিক্রমী ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন— তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময়, হতাশা ও ক্ষোভ।
তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন গণমাধ্যমকে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই পেজটি আবার চালু হবে।
জানা যায়, মাত্র কয়েক দিন আগেও তাজুর পেজে ফলোয়ার ছিল ১০ হাজারের কম। কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুর এলাকার একটি স্থানীয় বাজারে ধারণ করা ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটির ভিন্নধর্মী উপস্থাপনা, সহজ-সরল ভাষা ও নিজস্ব স্টাইল দ্রুত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথমে ট্রল হলেও খুব দ্রুতই তা প্রশংসায় রূপ নেয়।
প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও তাজু তার ভিডিওতে স্থানীয় মানুষের নানা সমস্যা তুলে ধরতে শুরু করেন। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র উঠে আসে, যা দর্শকদের মনে নাড়া দেয়। অল্প সময়েই তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।
হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন অতিরিক্ত ট্রল, কেউবা অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের রিপোর্টের কারণে এমনটি ঘটতে পারে।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করেন, স্বল্প সময়ে বিপুল ফলোয়ার ও ভিউ বৃদ্ধির কারণে মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি বন্ধ করে থাকতে পারে।
এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তাইজুল ইসলাম তাজু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান। পেশায় তিনি একজন রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ঢাকায় কাজ করতেন।
ঈদ উপলক্ষে বাড়িতে এসে এলাকার বাস্তবতা, বিশেষ করে ‘জিলাপির সরকারি রেট’ নিয়ে তৈরি একটি ভিডিও তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়।
তাজুর পেজটি দ্রুত ফিরে আসবে— এমন আশাই করছেন তার অনুসারীরা। কারণ, তাদের কাছে তাজু শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন, বরং গ্রামবাংলার বাস্তবতার এক সরল কণ্ঠস্বর।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: