• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেষ হলো চারকোল শিল্পের কর্মপরিবেশ ও সুরক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ

প্রকাশিত: ১৯:২০, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২০, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শেষ হলো চারকোল শিল্পের কর্মপরিবেশ ও সুরক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ

দেশের ক্রমবর্ধমান চারকোল খাতে নিয়োজিত জনশক্তির নিরাপত্তা নিশ্চিত করতে মাদারীপুরে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল চারকোল কারখানায় আধুনিক পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা।

বিসিসিএমইএ-এর সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সেশনে মাদারীপুর ও এর আশপাশের বিভিন্ন কারখানা থেকে ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের তালিকায় ছিলেন— কারখানার মালিক, ব্যবস্থাপক এবং তৃণমূল পর্যায়ের শ্রমিকরা। প্রশিক্ষকগণ চারকোল উৎপাদনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই ব্যবহারের প্রয়োজনীয়তা এবং কারখানার অভ্যন্তরে স্বাস্থ্যঝুঁকি কমানোর কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করেন।

অনুষ্ঠানে চারকোল নির্দেশিকা ও শ্রমিক কল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অনন্ত গ্রুপের ওয়েলফেয়ার অফিসার আইরিন সুলতানা। এছাড়া মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অ্যাডমিন অফিসার শারমিন সুলতানা এই বিশেষ কর্মশালায় উপস্থিত থেকে শিল্পের প্রশাসনিক ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়নে তার অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন। গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে পেশাগত নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন চ্যানেল ওয়ানের প্রতিবেদক মিনা ফেরদৌস।

শ্রমিকরা সরাসরি তাদের কর্মস্থলের সুবিধা-অসুবিধা ও চ্যালেঞ্জগুলো অ্যাসোসিয়েশনের নেতৃত্বের সামনে তুলে ধরেন। বিসিসিএমইএ সভাপতি আতিকুর রহমান তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, চারকোল শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করতে নিরাপদ কর্মপরিবেশের কোনো বিকল্প নেই। 

শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন: