দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত
দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এসব নদীবন্দর এলাকাগুলো সাময়িকভাবে ঝড়ের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করা অথবা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, গতকাল বুধবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিভি/এআই



মন্তব্য করুন: