রাতের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ পাঁচ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিকাল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রার এই ক্রমান্বয়ে বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। চৈত্রসংক্রান্তির এই সময়ে হঠাৎ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
বিভি/এসজি



মন্তব্য করুন: