• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পোপ লিওর সফল অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ০৯:১৬, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পোপ লিওর সফল অস্ত্রোপচার সম্পন্ন

ফাইল ছবি

ফুসফুসের ক্যানসার আক্রান্ত অংশ অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিওর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি।

ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, প্রায় ৯ মিনিটের অস্ত্রোপচারে পোপের ডান ফুসফুসের ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই তার ঘুম ভাঙে। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের আগে করা পরীক্ষায় ফুসফুসে টিউমারের উপস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

হাসপাতালে যাওয়ার আগে মঙ্গলবার হাসিমুখে শুভানুধ্যায়ীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান পোপ লিও। অস্ত্রোপচারের পর তিনি রাতের খাবার খেতেও চেয়েছিলেন বলে ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে।

ভ্যাটিকান আরও জানিয়েছে, রোমের জেমেলি হাসপাতালের দশম তলায় নিজের কক্ষে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে পোপকে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব সাক্ষাৎ বাতিল করা হয়েছে। অস্ত্রোপচারের কারণে আগামী মাসে নির্ধারিত তার দীর্ঘ লাতিন আমেরিকা সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছরের ৮ মে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন ৭১ বছর বয়সি পোপ চতুর্দশ লিও। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা।

পোপের স্বাস্থ্য নিয়ে অতীতে ভ্যাটিকান সাধারণত গোপনীয়তা বজায় রাখলেও প্রয়াত পোপ ফ্রান্সিসের সময় থেকে এ বিষয়ে তুলনামূলকভাবে বেশি তথ্য প্রকাশ করা শুরু হয়। পোপ লিওর বর্তমান শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসা নিয়ে এখন ভ্যাটিকানের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুসারীরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত