আন্দোলনে এবার বাংলাদেশের উদাহরণ টানলেন নেহা বোরা
বাংলাদেশের ছাত্র আন্দোলন ভারতের তরুণদের প্রতিবাদী হতে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন নেহা বোরা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তরুণদের আন্দোলনের প্রসঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা।
বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নেহা বোরা বলেন, বাংলাদেশে শিক্ষার্থীরা যেভাবে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্যে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও তেমনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছেন। দুই দেশের তরুণদের আন্দোলনের অভিজ্ঞতার মধ্যে মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গণঅভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতি তুলে ধরে নেহা বোরা ভারতে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা দমনের চেষ্টার প্রসঙ্গ উল্লেখ করেন। ভারতের শিক্ষাঙ্গনেও উগ্রবাদী প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন এই ছাত্রনেত্রী।
সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের তরুণদের প্রতিবাদ আন্দোলনে আলোচনায় আসেন নেহা বোরা। নির্বাচনী সংস্কার ও ভিন্নমতের স্বাধীনতাসহ বিভিন্ন ইস্যুতে তার অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: