প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ‘বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা’: মাহদী আমিন
ছবি: মাহদী আমিন
স্বল্পতম বহর, মাত্র ছয় দিনের সফর এবং নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ‘বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন এবং ফিরতে এক দিন সময় লাগবে। মাঝের চার দিন কোনো সময় নষ্ট না করে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে ছয় দিনের এই সফরে আনুষ্ঠানিক সফরসঙ্গী রয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী ১৫ জন। নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যক্তিরাও রয়েছেন সফরসঙ্গী দলে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর ‘আড়ম্বর অনুষ্ঠান নয়; মানুষের জন্য কাজ। ক্ষমতা প্রদর্শন নয়; বাংলাদেশের স্বার্থ রক্ষা’। তার ভাষ্য, জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
সফরটির আরেকটি দিক উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর তাদের সন্তান হিসেবে তারেক রহমান জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, একই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তার মতে, এটি শুধু একটি বিদেশ সফর নয় বা জাতিসংঘে দেশকে তুলে ধরার বিষয়ও নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব এবং বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।
বিভি/এমআর













মন্তব্য করুন: