নতুন পে স্কেলে নিজের বেতন হিসাব করবেন যেভাবে
প্রতীকী ছবি
নতুন পে স্কেলে নিজের মূল বেতন কত হবে, তা জানতে শুধু গ্রেডের নতুন প্রারম্ভিক বেতন দেখলেই হবে না। ৩০ জুন পর্যন্ত পাওয়া মূল বেতন, পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ এবং নতুন বেতনক্রম—এই তিনটি তথ্য মিলিয়েই করতে হবে নতুন বেতনের হিসাব।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০টি গ্রেডের নতুন বেতনক্রমের পাশাপাশি ‘পে ফিক্সেশন’-এর নিয়মও দেওয়া হয়েছে। নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে কার্যকর হবে।
যেভাবে হিসাব করবেন
কোনো কর্মচারী যদি পুরোনো বেতনক্রমের প্রারম্ভিক ধাপেই বেতন পান, তাহলে নতুন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপেই তার মূল বেতন নির্ধারণ হবে।
যেমন, ৩০ জুন কোনো কর্মচারী ১৬তম গ্রেডের ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রমের প্রারম্ভিক ধাপ অর্থাৎ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে নতুন স্কেলে তার বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা। কারণ নতুন স্কেলে ১৬তম গ্রেডের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৯০০ টাকা।
তবে পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপের চেয়ে মূল বেতন বেশি হলে হিসাব হবে একটু ভিন্নভাবে।
প্রথমে ৩০ জুনের মূল বেতন থেকে পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন বাদ দিতে হবে। এরপর পাওয়া পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে। যোগফল নতুন বেতনক্রমের কোনো ধাপের সঙ্গে মিললে সেটিই হবে নতুন মূল বেতন। আর কোনো ধাপের সঙ্গে না মিললে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।
ধরা যাক, ৩০ জুন কারও মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা এবং পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। পার্থক্য ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকা হলে যোগফল দাঁড়াবে ২৬ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলে এই ধাপ না থাকায় পরবর্তী ধাপ ২৬ হাজার ৩০০ টাকা হবে তার নতুন মূল বেতন।
তবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও গ্রেড-১-এর নির্ধারিত মূল বেতনের ক্ষেত্রে এই দুই পদ্ধতি প্রযোজ্য হবে না।
নতুন স্কেলে বর্ধিত বেতনও একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত বেতনের শতভাগ কার্যকর হবে।
বিভি/এমআর













মন্তব্য করুন: