• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

প্রকাশিত: ১৪:৫৯, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া মো. ইসমাইল (২৮) নামের এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি ঠিক কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কারাবন্দিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হাজতি ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন: